রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়িত পূর্বাচল নতুন শহর প্রকল্পকে প্রশাসনিকভাবে ঢাকার সঙ্গে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে এলাকাটিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একইসঙ্গে, বর্তমানে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত পূর্বাচলের অংশগুলোকে ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, পূর্বাচল প্রকল্পটি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলার সীমানাজুড়ে বিস্তৃত। ফলে এতদিন প্রশাসনিক বিভাজনের কারণে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা এবং অবকাঠামোগত ব্যবস্থাপনায় নানা জটিলতা দেখা দিচ্ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলাকাটি ডিএনসিসির আওতায় এলে বাসিন্দারা সহজেই জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন উন্নয়ন, সড়কবাতি রক্ষণাবেক্ষণসহ মৌলিক নাগরিক সুবিধা পাবেন।
একইসঙ্গে, পুরো প্রকল্প এলাকা ডিএমপির অধীনে আসায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এলাকাটিকে ঢাকা ওয়াসার অধিক্ষেত্রেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার যেসব অংশ পূর্বাচল প্রকল্পের অন্তর্ভুক্ত, সেগুলোকে প্রশাসনিক সুবিধার জন্য ঢাকা জেলায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এম







































