• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরীক্ষা ছাড়াই শিক্ষক নিয়োগে আসছে নতুন পদ্ধতি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ০৭:১৪ পিএম
পরীক্ষা ছাড়াই শিক্ষক নিয়োগে আসছে নতুন পদ্ধতি

ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এখন থেকে শিক্ষক নিবন্ধন সনদ পেতে আলাদা পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে বহুনির্বাচনি (এমসিকিউ) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থীকে নিয়োগযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে—এ বিষয়ে নির্দিষ্ট সময় না জানালেও সংশ্লিষ্টরা আশা করছেন, এক সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা সম্ভব হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ রয়েছে। যাচাই-বাছাই শেষে এসব পদের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। এতে উত্তীর্ণরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। দুই পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

নতুন পদ্ধতিতে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, শুধু তাদেরই শিক্ষক পদে নিয়োগের জন্য সনদ দেবে এনটিআরসিএ।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং দুই লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

এসএইচ 

Link copied!