• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দাম আরও কমে গেল


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২০, ২০২৬, ১১:০০ পিএম
স্বর্ণের দাম আরও কমে গেল

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের একটি কার্গো জাহাজ আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং এর জবাবে তেহরানের পাল্টা সতর্কবার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রভাব পড়েছে ডলার, জ্বালানি তেলসহ গুরুত্বপূর্ণ পণ্যের বাজারে।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৮০৪.৪৪ ডলারে দাঁড়ায়।

একই সময়ে জুন মাসের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচার ১.১ শতাংশ হ্রাস পেয়ে ৪,৮২৪.৬০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লেও স্বর্ণের দামে তাৎক্ষণিক উত্থান না হয়ে বরং নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সিটি ইনডেক্স ও ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, যা তেলের দামে বড় ধরনের উত্থানের ঝুঁকি তৈরি করছে। এতে মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং বন্ডের মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

অর্থনীতিবিদদের মতে, সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হলেও, সুদের হার বেশি থাকলে এ ধাতুর চাহিদা কমে যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যার ফলে সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ অবস্থায় থাকতে পারে—এটিও স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

এম

Link copied!