• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিনার্ভা হসপিটালে বিশ্ব হেপাটাইটিস দিবস উদ্‌যাপিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৬, ১১:০৯ পিএম
মিনার্ভা হসপিটালে বিশ্ব হেপাটাইটিস দিবস উদ্‌যাপিত

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে রাজধানীর মিনার্ভা হসপিটাল লিমিটেডে সচেতনতামূলক সেমিনার ও বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ফ্রি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

দুপুর দুইটায় হসপিটাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এরপর হসপিটাল মিলনায়তনে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

সেমিনারে দেশের প্রথিতযশা হেপাটোলজি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. এম সাঈদুল হক বলেন, ‘হেপাটাইটিস বি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়া শুরু করা ঠিক নয়। এর আগে ডিএনএ, এনজাইম, আল্ট্রাসনোগ্রাম ও ফাইব্রোস্ক্যান পরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা জরুরি।’ তিনি ধারাবাহিক চিকিৎসার পাশাপাশি রোগীদের মদ্যপান বর্জন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

বারডেম হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. জেবুন নাহার শিশুদের হেপাটাইটিস সুরক্ষায় অভিভাবকদের সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, সন্তানের জীবন রক্ষার্থে বাবা-মাকে আগে চিকিৎসা গ্রহণ করে হেপাটাইটিস বি-মুক্ত থাকতে হবে।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. মমতাজুল হক বলেন, হেপাটাইটিস বি ভ্যাকসিন একটি নিরাপদ ও কার্যকর প্রতিরোধক, যা ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়। গত কয়েক দশকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে স্ক্রিনিং সেবা দেওয়া হয়। পরে রোগী ও স্বজনদের সঙ্গে মুক্ত আলোচনা শেষে পরীক্ষার রিপোর্টের আলোকে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরামর্শ দেন। এ ছাড়া নতুন রোগীদের নিবন্ধন, পুরোনোদের ফলো-আপ সুবিধা ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত তথ্য-সহায়তা দেওয়া হয় হাসপাতালটির পক্ষ থেকে।

ডা. মিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামীমা সুলতানা, ডা. ফারহানুল জান্নাত, ডা. লুৎফুন নাহার মুক্তা, ডা. তন্বী সাহা, ডা. আশরাফুল আলম এবং শেয়ারহোল্ডার নির্ভানা হক ও সামিয়া হক।

সমাপনী বক্তব্যে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজনীন সুলতানা আগত রোগীদের ধন্যবাদ জানিয়ে হাসপাতালের জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সফল করতে মিনার্ভা হসপিটালের জেনারেল ম্যানেজার নুরুল হুদা, মো. আমিনুল ইসলাম, এজিএম আহসান হাবীব রিংকু ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এম

Link copied!