হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় লাউঞ্জসহ আশপাশের এলাকা মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে বলাকা লাউঞ্জের রান্নাঘরে আগুন লাগে। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর জানান, আগুন লাগার খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাউঞ্জের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ ছিল। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এম







































