• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান 


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৯, ২০২৬, ০৪:৩৫ পিএম
ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান 

ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববরেণ্য সুন্নি ইসলামি চিন্তাবিদ মুফতি তাকি উসমানী। তিনি শিয়া-সুন্নি মতপার্থক্য ভুলে ইরানের পাশে দাঁড়ানোর তাগিদ দেন।

সম্প্রতি দারুল উলুম করাচি–এ এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের মধ্যে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী হলেও এ মুহূর্তে মতভেদ সামনে আনা ঠিক নয়।

তিনি বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমানদের এক থাকা। ইরানের সঙ্গে আমাদের আকিদাগত মতভেদ থাকলেও কোন সময়ে কোন কথা বলা উচিত তা বিবেচনায় নিতে হবে। এখন কি সেই সময়, যখন শিয়া–সুন্নি বিরোধ উসকে দেওয়া হবে?’

ইরানে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমেরিকা কি এজন্য ইরানে হামলা করেছে যে তারা আমাদের আকিদার বিরুদ্ধে ছিল? না, বরং তাকে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি হিসেবে দেখা হতো বলেই আক্রমণ করা হয়েছে। তারা এর মোকাবিলায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাই আমাদেরও তাদের সমর্থন করা উচিত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সমালোচনা করে মুফতি তাকি উসমানি বলেন, বর্তমান বিশ্বে এক ধরনের ‘বৈশ্বিক গুন্ডামি’ শুরু হয়েছে। তাঁর ভাষায়, যখন ইচ্ছা তখন কোনো রাষ্ট্রপ্রধানের বাসভবনে বোমাবর্ষণ করা বা টার্গেট কিলিং চালানোর মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপন্থী।

তিনি বলেন, ‘না কোনো জাতিসংঘ, না কোনো আন্তর্জাতিক আইন, না কোনো নৈতিকতা—কিছুই মানা হচ্ছে না। যেন ঘোষণা করা হয়েছে, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে হামলা করা যাবে।’

ইরানের নেতৃত্ব নির্বাচন নিয়েও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন এই আলেম। তাঁর মতে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের হস্তক্ষেপ আন্তর্জাতিক নীতির পরিপন্থী।

মুফতি তাকি উসমানি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য মুসলিম বিশ্বকে বিভক্ত রাখা। তাঁর দাবি, মুসলমানদের নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে রাখাই তাদের কৌশল।

তিনি বলেন, ‘আমার দুঃখ হয়, কিছু মানুষ বলছে-ইরান তো শিয়া, তাদের সঙ্গে আমাদের মতভেদ আছে। কিন্তু আমেরিকা ও ইসরায়েল তাদের ওপর হামলা করেছে এজন্য নয় যে তারা শিয়া, বরং এজন্য যে তাদের মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি মনে করা হতো।’

মুসলিম উম্মাহর প্রতি বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সময় মুসলিম বিশ্বের জন্য বড় পরীক্ষার সময়। তিনি বলেন, মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে কোনো শক্তিই তাদের ক্ষতি করতে পারবে না।

এসএইচ 

Wordbridge School
Link copied!