ঢাকা : বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচ এস্তোনিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি।
শুক্রবার ইতালির গেউইস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। এই অর্ধেই সবগুলো গোল হয়। ৫৮ মিনিটে মোয়েজে কিন এর দুর্দান্ত শটে গোলশূন্যতার অবসান ঘটে ইতালির। এরপর খেলার পুরো নিয়ন্ত্রণ চলে যায় আজ্জুরিদের হাতে।
মাতেও রেতেগুই, যিনি গ্রীষ্মে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার আগে আটালান্টার হয়ে খেলেছেন, নিজের পুরোনো মাঠ বেরগামোতে ফিরে জোড়া গোল করেন (৬৯ ও ৮৯ মিনিটে)। এছাড়া গিওকোমো রাসপাদোরি (৭১ মিনিটে) ও আলেসান্দ্রো বাস্তোনি (৯২ মিনিটে) একটি করে গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে ইতালি একের পর এক সুযোগ সৃষ্টি করলেও এস্তোনিয়ার গোলরক্ষক কার্ল হেইন দুর্দান্ত সেভ দিয়ে দলকে বাঁচিয়ে রাখেন।
ইতালির কোচ গাত্তুসোর জন্য এটি ছিল দারুণ অভিষেক। শুধু ফলাফলের দিক থেকে নয়, খেলার দাপটের দিক থেকেও। এই জয় ইতালিকে আবারও আশা জুগিয়েছে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে।
পিএস







































