ফাইল ছবি
ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠিত হবে না।
‘ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হওয়ার পর শুক্রবার তারেক রহমানের এক প্রেস সচিব বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর নিয়ে দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশ দুটি কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। কারণ তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালে ক্ষমতাচ্যুতির কারণে সৃষ্ট তিক্ত সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।
পিএস







































