• ঢাকা
  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩


নেত্রকোনা প্রতিনিধি  আগস্ট ২৬, ২০২৬, ১১:২২ এএম
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। আহত তিনজনের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। আহত ব্যক্তিরা হলেন- একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রতন দাসসহ চারজন একটি নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোররাতে তাঁরা হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে অপর তিনজন আহত হন। পরে তাদের কানে কম শোনার সমস্যা দেখা দেয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পিএস

Link copied!