• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জেদ্দায় আটকা ক্রিকেটার মুশফিকুর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:০০ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জেদ্দায় আটকা ক্রিকেটার মুশফিকুর

ফাইল ছবি

পবিত্র উমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম। সেখান থেকে আজ দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি এখন জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

কয়েক সপ্তাহের উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর আজ সকালে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে।

উমরাহ পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। এমিরেটস এয়ারলাইন্সের ইকে–০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। তবে আকাশপথে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি আবার সৌদি আরবের জেদ্দায় ফিরিয়ে আনা হয়। ফলে বর্তমানে তিনি জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুশফিক জানান, কয়েকদিন আগে তিনি উমরাহ হজ পালনের জন্য মক্কায় গিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ উমরাহ সম্পন্ন করেছেন। আজ দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন তিনি বিমানবন্দরে অবস্থান করছেন।

কবে দেশে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন এই ক্রিকেটার। সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন কবে এবং কীভাবে ঢাকায় ফেরা সম্ভব হবে-উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

এসএইচ 

Wordbridge School
Link copied!