ছবি : সংগৃহীত
ঢাকা: টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বিক্রির ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনার বিরোধিতায় এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি)।
এএফসি এক বিবৃতিতে শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছে, ইউরোপ এবং উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা দুটির সিদ্ধান্তের সঙ্গে তারা একমত।
বিবৃতিতে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা আরও লিখেছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা “বাস্তবায়নের জন্য যে বৃহত্তর পরিসরে ঐক্যমত এবং (সব সংস্থার মধ্যে) যে ঐক্যের প্রয়োজন, তা পাবে না।”
বিতর্কিত বিষয়টি একদম হঠাৎ করেই গত মঙ্গলবার সামনে আনে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
ফিফার বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা তৈরি করা হবে এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব উত্থাপন করা হবে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম’ তত্ত্বাবধানের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। নতুন এই এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণ অবশ্য নিজেদের কাছেই রাখবে সংস্থাটি। তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য বাইরের বিনিয়োগকারীদের কাছে এতে কিছু শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হবে।
ফিফার এই ঘোষণা সামনে আসার পরপরই এর তীব্র বিরোধিতা করে উয়েফা। তখনই সরাসরি তারা জানিয়ে দেয়, “ফুটবলের আত্মা ও শাসনব্যবস্থা কোনো কেনাবেচার সম্পদ নয়-বিশেষ করে যখন আর্থিকভাবে কারা লাভবান হচ্ছে, সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। আমরা কেউই ফুটবলের মালিক নই। এটা ফিফার বিক্রি করার বিষয় নয়।”
এএফসিও একইভাবে ফিফার বিশ্বকাপসহ অন্যান্য ইভেন্টের স্বত্ব বিক্রির ভাবনার তীব্র সমালোচনা করেছে।
“ফিফা বিশ্বকাপ হলো বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ চূড়া এবং এর শক্তি আসে অংশগ্রহণকারী সকল কনফেডারেশন এবং বিশ্বের শীর্ষ পর্যায়ের ফুটবল জাতি থেকে।
“যদি কোনো প্রস্তাব প্রতিযোগিতাটির সর্বজনীন বৈশিষ্ট্য ও একতাকে ঝুঁকির মুখে ফেলে দেয়, তাহলে সেটা নিয়ে নতুন করে ভাবা উচিত।”
পিএস



























-20260725114857.jpg)










