ময়মনসিংহ: ১২০ কোটি টাকা ব্যয়ে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। সড়কটি চালু হওয়ার পর নান্দাইল থেকে ঢাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে এসেছে। এতে করে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল থেকে যেকোন যানবাহন ময়মনসিংহ শহর হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে রাজধানী শহরে যেতে হত। এখন নান্দাইল-ত্রিশাল সড়ক নির্মাণের পর উপজেলার কানুরামপুর থেকে ত্রিশাল হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক দিয়ে সহজেই রাজধানীতে প্রবেশ করতে পারছে যানবাহন। এ সড়ক দিয়ে তাড়াইল-কেন্দুয়ার যাত্রিবাহী বাস ও অন্যান্য যানবাহনও সহজেই রাজধানীতে প্রবেশ করতে পারছে। এতে নান্দাইল থেকে ঢাকার দূরত্ব কমে গেছে প্রায় ৫০ কিলোমিটার।
জানা গেছে, নান্দাইল থেকে ময়মনসিংহ শহর হয়ে ঢাকার দূরত্ব ১৭১ কিলোমিটার। অপরদিকে নান্দাইল-ত্রিশাল সড়ক দিয়ে ঢাকার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এই হিসেবে আঞ্চলিক সড়কটি নির্মাণের ফলে ৫০ কিলোমিটার দূরত্ব কমে এসেছে।
২০১৮ সালের ২ নভেম্বর জেলা আওয়ামী লীগের এক সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
নান্দাইল থেকে ঢাকায় নিয়মিত যাতায়াত করেন এমন কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়ক চালু হওয়ার পর ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে।
শালবন সুপার পরিবহনের চালক মো.উজ্জ্বল বলেন, নান্দাইল-ত্রিশাল সড়ক চালুর পর থেকে ঢাকার সাথে নান্দাইলের যোগাযোগ অনেক সহজ হয়েছে। এতে ৫০ কিলোমিটার দূরত্ব কমে এসেছে এবং প্রায় ১ ঘন্টা সময় বেঁচে গেছে।
স্থানীয় মধুপুর বাজারের ঔষধ ব্যাবসায়ী মো. মুজিবুর রহমান বলেন, নান্দাইল- ত্রিশাল আঞ্চলিক মহাসড়ক নির্মাণের ফলে ঢাকার সাথে আমাদের যোগাযোগ খুব সহজ হয়েছে।
নান্দাইল জোনের সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল হোসেন বলেন, গত বছরই সড়কের কাজ শেষ হয়ে গেছে। সড়কটি অর্ধেকের কিছু বেশি অংশ পড়েছে ত্রিশাল উপজেলায়। বাকি অংশ নান্দাইল উপজেলায়। তবে এই সড়ক চালু হওয়ার কারণে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও তাড়াইল উপজেলার মানুষ বেশি উপকৃত হবে।
সড়কটির বিষয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন,নান্দাইল- ত্রিশাল সড়ক এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেটি বাস্তবায়ন করতে পেরেছি এটি বিশাল প্রাপ্তি। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে নান্দাইলের মানুষ এর সুফল ভোগ করবে।
সোনালীনিউজ/এএইচ/এসআই