কুয়াকাটা : পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগর থেকে ধরা পড়েছে বিরল প্রজাতির এক বিশাল ট্রেভ্যালি ফিশ বা স্থানীয়দের ভাষায় তবলা মাছ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি।
মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরে নিলামে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে।
স্থানীয়ভাবে তবলা মাছকে “তবলি”, “বগা” বা “খাঁদিয়া মাছ” নামেও ডাকা হয়। কম কাঁটা ও সুস্বাদু স্বাদের জন্য এটি ভোজনরসিকদের কাছে জনপ্রিয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি ক্যারেনজিট পরিবারের একটি বড় আকারের মাছ। অর্থনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মাছ বেশি করে ধরা পড়লে জেলেরা লাভবান হবেন।”
মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্র এলাকায় এ মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।
পিএস