শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধুমাত্র আইন প্রয়োগ ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সকলের সম্মিলিত সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাদক নির্মূল বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এলজিআরডি মন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মাদক বিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমার মতে বিকল্প কোন উপায় নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক লাভ করবো অবশ্যই। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন। 

মূল কাজ হচ্ছে প্রচার করা, যে মাদক খারাপ জিনিস এভাবে মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

পিএস