নড়াইল : প্রায় দুই দশক আগে নড়াইলের কালিয়াতে বন্ধ হয়ে যাওয়া 'আল্পনা' সিনেমা হলের ভবনের সামনে ' কালিয়া উপজেলা তাবলীগি মার্কাজ মসজিদ' নামে একটি ব্যানার টাঙানো হয়েছে। গত বুধবার দুপুরের দিকে ব্যানারটি টানিয়েছেন 'আলমী শুরায়ী নেজাম' নামে একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ করছেন তাঁরা৷
এ ব্যাপারে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই সংগঠনের 'সাথী' এবং কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সভাপতি হাফিজুর রহমান বলেন, "সংগঠনের পক্ষ থেকে এটি আমরা প্রশাসনের কাছ থেকে বাৎসরিক ৪ হাজার টাকা মূল্যে ইজারা নিয়েছি। ভবনটা জরাজীর্ণ হলেও যতটুকু সম্ভব আমরা ব্যবহারযোগ্য করব, সেই লক্ষ্যে কাজ চলছে।''
তিনি বলেন, এখানে আমরা 'তাবলীগি মার্কাজ মসজিদ' চালু করেছি। বিভিন্ন দেশ ও ঢাকার কাকরাইল থেকে কালিয়াতে যে তাবলীগ জামাতগুলো আসবে, তাঁরা প্রথমে এখানে আসবে। পরে স্থানীয় তাবলীগ জামাতের সাথীদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন মসজিদে যাবেন।''
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে 'টাউন হল' নামে ওই ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক শাফায়াত আলী। কয়েক বছর পর সেটি ইজারা নিয়ে 'আল্পনা' নামে একটি সিনেমা হল চালু করেন এক ব্যক্তি। তবে প্রায় ২০ বছর আগে ওই সিনেমা হল বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি আর ব্যবহার হয়নি৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে ভবনটির অবস্থা এখন খুবই জরাজীর্ণ।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, এটি একটি ভেস্টেড প্রোপার্টি (অর্পিত সম্পত্তি)। অর্পিত সম্পত্তি প্রতিবছরই ইজারা দেওয়া হয়। একসময় এটি সিনেমা হল কর্তৃপক্ষ ইজারা নিয়েছিল। সিনেমা হল বন্ধ হয়ে গেলে গত ২০ বছর এটি আর ইজারা হয়নি। ফলে ওই জায়গাটা মাদকসেবিদের আঁকড়ায় পরিণত হয়ছে। এজন্য সরকারি সম্পত্তি দখলে রাখা ও রাজস্ব আদায়ের লক্ষে আমরা এটিকে ইজারা দিয়েছি।
খালিদ হোসেন নামে কালিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, ''দীর্ঘদিন ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এখন একটি ভালো কাজের জন্য এটি ব্যবহৃত হচ্ছে। এতে আমরা আনন্দিত এবং সফলতা কামনা করছি।''
পিএস