জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেনসহ ওই রেলপথে সাময়িকভাবে যোগাযোগ ব্যাহত হয়।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ফিসারি মোড় এলাকায় জামালপুর–দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে। এ সময় ট্রেনের যাত্রীসহ রেলপথ ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েন।
রেলপথ অবরোধ চলাকালে জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর শাখাসহ ছাত্রদলের দুটি কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পদ দেওয়া হয়েছে। অথচ ছাত্রদলের অনেক ত্যাগী নেতাকর্মীকে পদবঞ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের এই কমিটিতে রাখা হয়নি।
পদবঞ্চিত জামালপুর শহর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময় বলেন, দ্রুত এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করেন। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল পাঠান বলেন, যারা এই আন্দোলন করছে তারা ছাত্রদলের কেউ নয়। নির্বাচনের আগে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মুঠোফোনে বলেন, যারা আন্দোলন করছে তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী। তারা বিগত সময়ের আন্দোলনকারী, ত্যাগী ও রাজপথের সাহসী সৈনিক। তাঁদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে বলেই এই আন্দোলন। কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে বলেও তিনি জানান।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ রেলপথ অবরোধ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং দুপুর ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এসএইচ