ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা শক্ত হাতে প্রতিরোধ করতে হবে: শফিকুর রহমান 

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। মামলা করতে এলে বলবেন–শফিকুর রহমানের নামেই মামলা করুন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।

জামায়াত আমির বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পিএস