কারাগারে বিএনপি কর্মীর মৃত্যু

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবুল বাশার (৪৫) নামের এক বিএনপি কর্মীর লক্ষ্মীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার ২১ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবার দাবি করেছে, তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের ভাই মনির হোসেন ও মহিন উদ্দিন অভিযোগ করেন, আবুল বাশার এলাকায় মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত বুধবার ১৪ জানুয়ারি গভীর রাতে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ সময় এক ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তাঁরা। এরপর দুদিন থানায় আটকে রেখে তাঁকে অমানুষিক নির্যাতন করা হয় বলে পরিবারের দাবি। পরে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পরিবারের সদস্যরা আরও জানান, মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় আবুল বাশারের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার ভোরে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোর্শেদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, তিনি আদালতে আছেন, পরে কথা বলবেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, একটি ডাকাতির মামলায় গত ১৬ জানুয়ারি আবুল বাশারকে কারাগারে আনা হয়। নিহতের দুই সহআসামি তাঁকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর ডিবি পুলিশ থানায় নিয়ে মারধর করেছে। বিষয়টি জানার পর ওই হাজতিকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

এসএইচ