ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়া গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:১৭ পিএম
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সবার সেরা হওয়া অনন্য গাঙ্গুলীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসায় এ ঘটনা ঘটে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে।

পিএসসি, জেএসসি ও এসএসসি-তিন পরীক্ষাতেই মেধার স্বাক্ষর রেখে বৃত্তি পাওয়া অনন্য কলেজে উঠে মানসিক অসুস্থতাসহ নানা কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন। পরে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব দেখান। এরপর তিনি ইংরেজি বিভাগে ভর্তি হন। তাঁর এই ফিরে আসার গল্প সে সময় গণমাধ্যমে আলোচিত হয়েছিল।

অনন্য কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। এই শিক্ষক দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তাঁর ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনন্যর বাবা জানান, তাঁর ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এসএইচ