পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় ভূক্তভোগীর পুত্রবধূর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. গোলাম রসুল (৫৭) অভিযোগ করেন, একই এলাকার আলমগীর শেখ (৪২) ও সজীব শেখ (৩২) দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নিয়মিত হুমকি দিত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আলমগীর ও সজীবসহ আরও ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে মো. গোলাম রসুলের বাড়িতে প্রবেশ করে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় হামলাকারীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। হামলার সময় ধারালো চাপাতি দিয়ে আঘাত করলে তিনি তার বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বুড়ো আঙুলে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
গোলাম রসুল আরও অভিযোগ করেন, তাকে উদ্ধার করতে হানিফ শেখসহ পরিবারের সদস্য নারগিছ বেগম, হামিদা বেগম ও রিনা বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা। এ সময় তারা হামিদার গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমনকি রিনা বেগমের শ্লীলতাহানির চেষ্টা করে তারা।
হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় গোলাম রসুল পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
পিএস