ভারত-আমেরিকার ইনসাফ বাংলার মানুষ দেখতে চায় না: চরমোনাই পীর

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, জামায়াত গোপনভাবে আমেরিকার সঙ্গে বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। রেজাউল করীম বলেন, “আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমকে প্রতীক প্রদান করেন।

রেজাউল করীম আরও বলেন, “পঞ্চান্ন বছরের প্রচলিত শাসনের পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়িত হয়েছে? জামায়াত স্পষ্টভাবে ঘোষণা করেছে, তারা ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী স্বীকার করেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। ক্ষমতায় গেলে তারা নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবে, যেখানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশীয় অর্থ বিদেশে পাচার হয়েছে এবং মানুষ রাস্তায় নামার পর গুম বা খুন হয়েছে। এখন তারা সেই নীতিতে দেশ চালানোর পাঁয়তারা করছে।”

এ নির্বাচনি সভায় লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।

এসএইচ