খুলনায় পৃথক দুটি স্থানে গুলি ও ছিনতাইয়ের ঘটনা: গুলিবিদ্ধ ২

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি : প্রতিনিধি

খুলনা: খুলনা মহানগরী ও জেলার বটিয়াঘাটায় পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সংঘটিত এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে একজন সিগারেট কোম্পানির কর্মী এবং অপরজন সাবেক ছাত্রদল নেতা ও যুবদল কর্মী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নগরীর নিরালা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামের এক সিগারেট কোম্পানির কর্মী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরোও বলেন, গুলির কারণ এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

অন্যদিকে খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। আহত সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্তের মধ্যে দুজন তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, গুলিবিদ্ধ সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পিএস