ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালে আমরা দেখেছিলাম। যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের হাতে দেশ নিরাপদ নয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে তারাই আবার ষড়যন্ত্র করছে। ছলচাতুরীর চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। এই অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন। একইভাবে চব্বিশ সালে দেশ রক্ষা করেছে ছাত্রজনতা। ১৬ বছর অনেক আন্দোলন করেছি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনেও একই অবস্থা ছিল। এখন সময় এসেছে। ১২ তারিখে মানুষ তার অধিকার প্রয়োগ করবে। বিএনপি বিশ্বাস করে কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে।
পিএস