নবাবগঞ্জে হ্যা ভোটের ক্যাম্পেইনারকে কুপিয়ে জখম করল যুবদল নেতা

  • নবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পবিত্র শবে বরাতের রাতে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুয়াহাট এলাকার বাঁশের মেলায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আমির হোসেন (২৩)। তিনি জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে। বর্তমানে তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কয়েক দিন ধরে নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালাচ্ছিল ইনকিলাব মঞ্চ ও জামায়াতে ইসলামীর কর্মীরা। আমির হোসেন নিয়মিতভাবে এসব কর্মসূচিতে অংশ নেন। এতে ক্ষুব্ধ হয়ে যুবদল নেতা মো. কামাল ও স্বেচ্ছাসেবক দলের নেতা মজনু তাঁকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার রাতে মো. কামালের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে আমির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মো. কামাল ধারালো দা দিয়ে আমির হোসেনের মাথার পেছনে কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা ছুরি ও রড দিয়ে তাঁর পিঠ, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে আহত আমির হোসেনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার নবাবগঞ্জ থানায় আমির হোসেনের স্ত্রী হিমু আক্তার (২২) বাদী হয়ে যুবদল নেতা মো. কামালকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৫৬, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মো. আতিক (৩৫), মো. মজনু (৫০), মো. সাকিব (২২), মো. সাকিল (২১), মো. রাব্বি (২২), মো. জন (২০), মো. বায়েজিদ (২১), মো. পারভেজ (১৯) ও মো. ইব্রাহিম (১৯)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ ও নবাবগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। ইনকিলাব মঞ্চের নেতা মাসুদুর রহমান আদনান বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর কারণেই পরিকল্পিতভাবে আমির হোসেনের ওপর হামলা করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচ