নারীরা ইসলাম ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখবে: মান্নান 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৩ পিএম
ফাইল ছবি

এদেশের নারী সমাজ আগামী দিনে ইসলাম, গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রী ও মহিলা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী দিনের বিপ্লব নারী সমাজের হাত ধরেই অর্জিত হবে। জামায়াতে ইসলামী নারীদের পিছিয়ে রাখে না; বরং মর্যাদার সঙ্গে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তাদের জন্য আলাদা জায়গা করে দেয়। আজকের এই সমাবেশ প্রমাণ করে জামায়াতে ইসলামীর নারীদের গড়ে তোলার কর্মসূচি যুগান্তকারী ও বাস্তবধর্মী।

ড. আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের লক্ষ্যে নারীরা মাঠে নামলে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের কাজে বাধা দিচ্ছে। কোথাও হিজাব ধরে টানাটানি, কোথাও গর্ভবতী মায়ের ওপর হামলা, আবার কোথাও মা-বোনদের সঙ্গে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হচ্ছে, যা জাহেলিয়াতি যুগকেও হার মানায়। এমন পরিস্থিতিতে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নারী সমাজ ঘরে বসে থাকতে পারে না।"

তিনি আরও বলেন, "গত ৫৪ বছর ধরে ব্যবসায়ীরা চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে নতুন নেতৃত্বের কোনো বিকল্প নেই।" পুরাতন, পচা রাজনীতি ও নেতৃত্ব থেকে দেশকে মুক্ত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি কোনো দলের নেতাকর্মীদের হাতে মা-বোনেরা নিরাপদ না থাকে, তাহলে তারা ক্ষমতায় গেলে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না।

তিনি অভিযোগ করে বলেন, "নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন ও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।" যদি কমিশন ও প্রশাসন কোনো দলের পক্ষপাতিত্ব করে, তাহলে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে পক্ষপাতিত্ব করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নারীর স্বাধীনতার কথা বলা দলগুলোর বিরুদ্ধেই নারী সমাজের অধিকার হরণের অভিযোগ তুলে তিনি বলেন, "আসন্ন নির্বাচনে নারী সমাজ সহিংসতাকারীদের উপযুক্ত জবাব দেবে।"

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন লাভলী, সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফা ও ডা. শাহানা পারভীন লাভলী, ইসলামী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. রাশিদাহ নাওমী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া। এছাড়াও ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসবিআর