লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ইমরান ও সজিব নামে দুই যুবক আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন।
সেনাবাহিনী জানায়, "আটকদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত আলামতসহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।"
এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয় ওই দুই অস্ত্রধারীকে আটক করে যৌথবাহিনী। আটক ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে ও সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।
এসবিআর