শরীয়তপুর জেলায় একযোগে তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী। এসব অভিযানে সাবেক ছাত্রদল নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর, নড়িয়া ও ডামুড্যা উপজেলার আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একযোগে তিনটি অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর স্টেডিয়াম সেনা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান শরীয়তপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান।
তিনি বলেন, শরীয়তপুর সদর আর্মি ক্যাম্প থেকে মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে শহরের অঙ্গারিয়া স্বর্ণঘোষ এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। রাত আনুমানিক তিনটার দিকে চালানো ওই অভিযানে একটি টমাহক শটগান, দুটি একে-২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগানের গুলি, ৫৭ রাউন্ড রাইফেলের গুলি, ১২ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, একটি বিদেশি ড্যাগার, তিন বোতল বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্টু তালুকদার সাতটি মামলার আসামি।
একই সময়ে নড়িয়া আর্মি ক্যাম্প থেকে মেজর অনন্যের নেতৃত্বে মুক্তারের চর ইউনিয়নের নয়ন মাতবর কান্দি গ্রামে অভিযান চালানো হয়। সেখানে একটি একনলা বন্দুক, সাতটি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাব্বি মোড়ল নামে একজনকে আটক করা হয়।
অন্যদিকে ডামুড্যা আর্মি ক্যাম্প থেকে মেজর আবরারের নেতৃত্বে ডামুড্যা থানার ইরিকটি এলাকায় পরিচালিত অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে লে. কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএইচ