জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা হবে: ডাকসু ভিপি সাদিক কায়েম

  • রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:২৯ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আজ শুক্রবার রাত ৮টার দিকে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে ভোট চান।

পথসভায় সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমরা ক্ষমতার নয়, আদর্শের রাজনীতি করি। আমাদের শহীদ ওসমান হাদীর মতো যোদ্ধা দরকার, আমাদের শহীদ আবু সাইয়েদের মতো বীরযোদ্ধা দরকার। এই শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। এই শহীদরা মাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তায় সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আগামি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের যোগ্য সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে হবে। শহীদ ওসমান হাদী আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেটাই আমাদের রাস্তা। ওসমান হাদী আমাদের দেখিয়েছে কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়। কিভাবে আজাদীর পক্ষে কথা বলতে হয়। শহীদ ওসমান হাদির আদর্শ আজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সেই আদর্শ অনুসরণ করেই রাজনীতি করছি। দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আমাদের প্রার্থী ড. ফয়জুল হক শহীদ হাদির আদর্শের উত্তরসূরি। তাকে বিজয়ী করতে পারলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

পথসভায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকসহ জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এম