আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নাটোর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নাটোর জেলায় নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছে ৫৩ বিজিবি। একটি পেশাদার, সুশৃঙ্খল ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
নাটোর জেলার চারটি সংসদীয় আসনের সাতটি উপজেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুনকে ৭টি বেইজ ক্যাম্পে দুই প্লাটুন করে ভাগ করে রাখা হয়েছে। নির্বাচনকালীন সময়ে বিজিবি মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিজিবি নির্বাচনী দায়িত্বে বডি অর্ন ক্যামেরা, ড্রোনসহ উন্নত সরঞ্জাম ব্যবহার করছে। এর মাধ্যমে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে বিজিবির হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রয়েছে, যাতে করে স্বল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে
দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এক বিবৃতিতে বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত সহযোগিতায় নাটোর জেলায় একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে আশাবাদী।
নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। জনগণকে গুজব এড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।