আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশের সঙ্গে একযোগে কুড়িগ্রাম জেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালীন সময়ে কুড়িগ্রামের সব ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশের নির্ধারিত এলাকায় ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এই নিষেধাজ্ঞা ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে উপস্থিত সবার জন্য প্রযোজ্য হবে। ভোটের দিন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভোটকেন্দ্র এলাকায় ধূমপান করতে দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটারদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপানমুক্ত এলাকা সংক্রান্ত নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ