নীলফামারীতে ৫৬২ ভোটকেন্দ্রের মধ্যে ২৬৪টি ঝুঁকিপূর্ণ

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে মোট ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান।

তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ইতিমধ্যে সব কেন্দ্র পরিদর্শন করেছে। নতুন করে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসারসহ যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। কিছু কেন্দ্রে সিসি ক্যামেরা চুরি হওয়ার কারণে নতুন করে সেটআপ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৭১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ১৯৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্র চিহ্নিত করা হয়েছে ভোটার সংখ্যা, অতীতের সহিংসতা, কেন্দ্রের অবকাঠামো, প্রার্থীর প্রভাবশালী নেতাদের আশেপাশের অবস্থান, জনবহুল বা দূরবর্তী এলাকা ইত্যাদি বিবেচনায়।

নীলফামারী জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৩০৬। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯, পুরুষ ৭ লাখ ৯৩ হাজার ৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। চারটি আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা): ২০ ইউনিয়ন ও ১ পৌরসভা, মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬১০, ভোট কেন্দ্র ১৫৪, ভোট কক্ষ ৮২৩। ঝুঁকিপূর্ণ ৯৮টি কেন্দ্র (অতি গুরুত্বপূর্ণ ২১, গুরুত্বপূর্ণ ৭৭)
নীলফামারী-২ (সদর): ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভা, মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৭০, ভোট কেন্দ্র ১৩৪, ভোট কক্ষ ৬৯৬। ঝুঁকিপূর্ণ ৫৭টি কেন্দ্র (অতি গুরুত্বপূর্ণ ১৫, গুরুত্বপূর্ণ ৪২)
নীলফামারী-৩ (জলঢাকা): ১১ ইউনিয়ন ও ১ পৌরসভা, মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৭৭, ভোট কেন্দ্র ১০৫, ভোট কক্ষ ৫৪০। ঝুঁকিপূর্ণ ৫৭টি কেন্দ্র (অতি গুরুত্বপূর্ণ ১৫, গুরুত্বপূর্ণ ৪২)
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ): ১৪ ইউনিয়ন, ১ পৌরসভা, ১ ক্যান্টনমেন্ট বোর্ড, মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯, ভোট কেন্দ্র ১৬৯, ভোট কক্ষ ৮৭০। ঝুঁকিপূর্ণ ৫২টি কেন্দ্র (অতি গুরুত্বপূর্ণ ২০, গুরুত্বপূর্ণ ৩২)

জেলা প্রশাসক ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমাদের লক্ষ্য উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করা। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা সর্বাত্মকভাবে ব্যবস্থা করা হয়েছে।”
 

এসএইচ