বরিশালে এবি পার্টির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিএনপির অস্বীকার

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এবি পার্টি।

ঘটনার পর বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবি পার্টি বরিশাল জেলা শাখার সদস্যসচিব জি এম রাব্বী বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীকে বরিশাল-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে দলটির একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। বুধবার সকালে সেখানে দলের নেতা-কর্মীরা নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন।

তার দাবি, এ সময় ১০-১২টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী কার্যালয়ে এসে অতর্কিত হামলা চালায়। তাঁরা এবি পার্টির কর্মীদের মারধর করেন এবং চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, বিএনপি বা ছাত্রদলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, ঈগল প্রতীকের প্রার্থী নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এসএইচ