ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরে চা বানানোর সময় দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফরিদা বেগম রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ফরিদা বেগম নিজ বসতঘরের মাটির চুলায় চা তৈরি করার সময় তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। চিৎকারে দ্রুত এগিয়ে আসেন তার মেয়ে আখি আক্তার (২৩) এবং পানি ঢেলে আগুন নেভান। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ ও এরপর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন লিখিতভাবে জানিয়েছেন, বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না।
এসএইচ