কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ওই এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কয়েক দফা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দফাদারপাড়া এলাকার ময়জুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দিনের ছেলে সিহাব (৫০), জালালসহ অজ্ঞাতনামা আরও আট থেকে দশজন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনিচুর রহমান ও নবাব মাস্টারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ