রাষ্ট্রদ্রোহীদের তালিকা তৈরি করা হচ্ছে, ছাড় পাবেন না কেউ: মুক্তিযুদ্ধমন্ত্রী

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহীতায় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে সাধারণ শ্রমিকেরা নয়, বরং যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের লোকজনই শ্রমিকের ছদ্মবেশে তৈরি পোশাক খাতকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী স্পষ্ট করেন, কোনো ধরনের ষড়যন্ত্রেই কাজ হবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে এসব চক্রান্ত মোকাবিলা করা হবে। এতে অপরাধী কাউকেই ক্ষমা করা হবে না।

বিরোধী রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে তিনি অনর্থক বিরোধিতা, অযৌক্তিক লংমার্চ, বিক্ষোভ বা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার না করার আহ্বান জানান। এসব অপচেষ্টা মূলত উৎখাত হওয়া ফ্যাসিবাদকে উসকানি দেওয়ার শামিল উল্লেখ করে তিনি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আগামী নির্বাচন প্রসঙ্গে আহমেদ আযম খান জানান, গঠনমূলক ভূমিকা পালন করলে বিরোধীরা ভবিষ্যতেও জনগণের ভোট পাবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেখানে রাতের আঁধারে ভোট কিংবা সিল মারার কোনো সুযোগ থাকবে না। বিরোধী দল গঠনমূলক দায়িত্ব পালনে ব্যর্থ হলে আগামী নির্বাচনে তারা আরও কম আসন পাবে বলেও সতর্ক করেন তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ