বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদ্যুৎকেন্দ্রটির সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম (এইচআর–পিআর) আনোয়ারুল আজিম।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, নতুন এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রকৌশলী রমানাথ পূজারী রামপালের রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট–এর প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি প্ল্যান্ট পরিচালনা, উৎপাদন সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধি মেনে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়ন কাজেও সম্পৃক্ত ছিলেন।
আনোয়ারুল আজিম জানান, প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশা রাজ্যে জন্মগ্রহণ করেন। ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে ভারতের আইআইএম আহমেদাবাদ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন।
১৯৮৯ সালে তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেড–এ যোগ দেন। বিদ্যুৎ খাতে তাঁর প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।ব্যক্তিগত জীবনে প্রকৌশলী রমানাথ পূজারী বিবাহিত এবং দুই সন্তানের জনক।
এসএইচ