বিনষ্টের পথে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের কাজীর দেউড়ির কেন্দ্রস্থলে শতবর্ষী ভবন জিয়া স্মৃতি জাদুঘর অবহেলার শিকার। দেয়ালে ফাটল, খসে পড়া পলেস্তারা, বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়া-সব মিলিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

১৯১৩ সালে ব্রিটিশ আমলে নির্মিত ‘লাট সাহেবের কুঠি’ ভবনটি পরে সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হয়। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু এখানেই ঘটে। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাদুঘরটি উদ্বোধন করেন।

জাদুঘরে ১৭টি গ্যালারি, সহস্রাধিক নিদর্শন, লাইব্রেরি, সেমিনার হল ও অডিটোরিয়াম রয়েছে। সৈনিক জীবন, মুক্তিযুদ্ধের স্মারক, বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতি, বিদেশ সফর ও রাষ্ট্রপ্রধানদের উপহারসহ বিভিন্ন ঐতিহাসিক প্রদর্শনী এখানে রাখা হয়েছে।

দেড় দশকের বেশি সময় ধরে প্রয়োজনীয় সংস্কার হয়নি। রং উঠে গেছে, শোকেস নষ্ট, আলোকসজ্জা অপ্রতুল। মূল অডিটোরিয়াম বন্ধ, সেমিনার হলে আধুনিক সাউন্ড সিস্টেম নেই। অনুমোদিত ৪৩ পদের বিপরীতে কর্মরত মাত্র ৩০ জন।

উপ-কিপার অর্পিতা দাশ গুপ্ত জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি জানানো হয়েছে। সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিদর্শনকালে বরাদ্দ দ্বিগুণ এবং পূর্ণাঙ্গ কিউরেটর টিম গঠনের কথা জানান।

দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৩০০ জন প্রবেশ করেন। চলতি অর্থবছরে এক মাস বাকি থাকতেই দর্শনার্থীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান বলেন, জাদুঘরকে প্রত্নসম্পদ হিসেবে অধিগ্রহণ করা জরুরি। দীর্ঘদিন অবহেলা ভবনের ক্ষতি করেছে। প্রত্নসম্পদ আইন অনুসারে ভবন সংরক্ষণ করলে এটি দীর্ঘদিন টেকসই থাকবে।

এসএইচ