গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তোতা মিয়া নামের এক সক্রিয় কর্মী। সম্প্রতি নির্মমভাবে খুন হওয়া বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর আপন ফুফাতো ভাই তিনি। ভাইয়ের হত্যার প্রতিবাদ ও ক্ষোভ থেকে নেওয়া তাঁর এই অভিনব পদত্যাগের সিদ্ধান্ত পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ২১ জুন প্রকাশ্য দিবালোকে তাঁর ফুফাতো ভাই ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরবর্তীতে এই হত্যা মামলায় স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী সরাসরি অভিযুক্ত হওয়ায় তোতা মিয়া চরম ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন। নিজ দলের নেতাকর্মীদের হাতে ভাইয়ের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে না পেরে তিনি রাজনীতি থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
অতীতের রাজনৈতিক সম্পৃক্ততা ও দলীয় পরিচয় থেকে নিজেকে প্রতীকীভাবে 'পবিত্র' বা 'মুক্ত' করার এক অভিনব প্রতিবাদ হিসেবে তিনি জনসম্মুখে দুধ দিয়ে গোসল করার ব্যতিক্রমী পথ বেছে নেন। তোতা মিয়ার এই দুধ দিয়ে গোসল করার সময় স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
দুধে গোসল শেষ করে তোতা মিয়া উপস্থিত জনতার সামনে ঘোষণা দেন যে, তিনি আর কখনো বিএনপির রাজনীতির ছায়াও মাড়াবেন না এবং এখন থেকে সম্পূর্ণ সাধারণ নাগরিক হিসেবে শান্তিতে জীবনযাপন করবেন। একই সাথে তিনি তাঁর ফুফাতো ভাই সাইফুল্লাহ বারী হত্যার সাথে জড়িত দলের ভেতরের ও বাইরের সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দল ছাড়ার এই অভিনব প্রতিবাদের দৃশ্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।
এসএইচ