মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী এ কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালাইমারা এলাকার আব্দুস সাত্তার খানের ছেলে রিয়াদ খানের সঙ্গে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ের প্রায় এক বছর আগে গোপনে বিয়ে হয়। নিহতের আগের একটি সংসার ছিল এবং সেই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। সব জেনেশুনেই রিয়াদ তাকে বিয়ে করেন। পরে তারা বিসিক শিল্পনগরী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

পরিবারের সদস্যদের দাবি, কয়েক মাস ধরে সন্তানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা রেকসোনা বেগম অভিযোগ করে বলেন, “রিয়াদ আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে। পরে আমাকে ফোন দিয়ে লাশ নিতে বলেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।” স্থানীয় কয়েকজনও হত্যার অভিযোগ তুলেছেন।

তবে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এসএইচ