নরসিংদীর মাধবদী এলাকায় ধর্ষণের ঘটনা চাপা দিতে এক কিশোরীকে অপহরণ করে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ানসহ আরও তিনজন।
অভিযোগ অনুযায়ী, ধর্ষণের বিচার চাওয়ার জেরে কিশোরীকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে পুনরায় নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ একটি সরিষা ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগীর পরিবার বিচার চাইতে গেলে প্রভাবশালী মহলের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। আপস না হওয়ায় পরিবারটিকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
বুধবার রাতে বাবার সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পথরোধ করে কিশোরীকে অপহরণ করা হয়। পরদিন দুপুরে স্থানীয়রা একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানান, অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এম