ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব, অপচয় বন্ধে জোর দিলেন প্রতিমন্ত্রী পুতুল

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

দেশের ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতায় সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি-এ কথা উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ ও শো-অফ করা হয়েছে। এ ধরনের অপচয় বন্ধ করে সুশাসন ও উৎপাদনমুখী ব্যবস্থাপনায় জোর দিতে হবে।

রবিবার (১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিলটিকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এনে সব অনিয়ম দূর করতে হবে। আখচাষি, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। মিলের যে উৎপাদনক্ষমতা রয়েছে, তা আরও বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী এখনো তাঁদের প্রাপ্য পেনশন পাননি। বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে এবং ঈদের আগে সমাধানের চেষ্টা করা হবে। ঈদের আগে সম্ভব না হলেও যত দ্রুত সম্ভব বকেয়া পেনশন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সুগার মিলটির দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন। এটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আরও বাড়ানো সম্ভব। মিলকে নতুনভাবে সাজিয়ে উৎপাদন বাড়াতে পারলে প্রতিষ্ঠানটি স্বনির্ভরতার পথে এগোতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ অন্যরা।

এসএইচ