সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএস