পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা-রংপুর রুটে বিশেষ বা অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল।
আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের হাতে পৌঁছানো হয়। সংসদ সদস্যের স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর রংপুরসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। এতে ট্রেনের টিকিটসংকট তীব্র আকার ধারণ করে এবং সড়কপথে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে ভোগান্তি বাড়ে। বিশেষ করে ঈদের আগে ও পরে কয়েক দিন যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
আবেদনপত্রে আরও বলা হয়, রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী পরিবহনে পর্যাপ্ত ট্রেনসুবিধা নেই। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন। এ পরিস্থিতি বিবেচনায় ঈদ উপলক্ষে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালু অথবা বিদ্যমান ট্রেনের সংখ্যা ও কোচ বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংসদ সদস্য আবেদনপত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, আবেদনটি হাতে পাওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহল আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএইচ