নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার এবং তাদের তিন বছরের কন্যা জিনি সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত। ঘটনার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে তিনি স্ত্রী ও শিশুকন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার ও কন্যা জিনি সরকারের মৃত্যু হয়। পরে তিনি নিজেও ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জয় সরকারকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ঘটনাস্থল থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএইচ