জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:১২ পিএম
ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়। মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে ৫৮৮ জন সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এতটুকু বিশ্বাস রাখবেন। আমাদের তো আর অন্য কোন ইস্যু নেই। আমরা ঢাকায় বাড়িও বানাবো না বা বিদেশেও বাড়ি বানাবো না বা কানাডাতে গিয়েও বাড়ি বানাবো না।

এলজিআরডি মন্ত্রী বলেন, আপনারা নিশ্চিত থাকেন আমরা এখানে কাজ করতে আসছি, কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়েছে তার কোন ক্ষমা নেই। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।

এলজিআরডি মন্ত্রী আরো বলেন, আসুন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পেছনের দিকে আর না তাকাই। সামনের দিকে তাকিয়ে কিভাবে সুন্দর করা যায়, কি করে আমরা ভালোভাবে বাস করতে পারি। শিশুদের লেখাপড়া শিখাতে পারি। কর্মসংস্থান তৈরি করতে পারি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি। আমরা সবাই মিলে কাজ করি।

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়। আসুন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এই কার্ডটি দিয়েছেন তাকে আন্তরিকভাবে দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি তিনি আমাদের কাছে যতগুলো অঙ্গীকার করেছেন সবগুলো তিনি পালন করতে সক্ষম হবেন।

পিএস