সাভার: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে ঢাকার সাভারে চারজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সাভারের রাজ্জাক প্লাজা সংলগ্ন ফুটপাথ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মুরাদ হোসেন মুন্না (২১), শেখ শাহিম (২২), মোঃ বাবু (২৮) এবং মোঃ রমজান হোসেন (২৬)।
র্যাব সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ছিনতাইকারী ও অপরাধী চক্রের তৎপরতা রোধে সাভার এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি বিশেষ দল সাভার থানাধীন রাজ্জাক প্লাজার সামনে অভিযান চালায়।
এ সময় জহিরুদ্দিন (২১) নামে এক যুবককে সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার সময় চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪টি ধারালো সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত একটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ঈদকে টার্গেট করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন নির্জন স্থানে দেশীয় অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, সন্ত্রাস ও ছিনতাই নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পিএস