চাঁদাবাজি বন্ধ না হলে পিরোজপুরে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

  • পিরোজপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

সারাদেশের মতো পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সমাবেশ থেকে পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সকাল ৯টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক ও শেখ আব্দুর রাজ্জাক, জেলা সভাপতি মো. খন্দকার সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা শাখার উপদেষ্টা সিদ্দিকুর রহমান, পৌর শাখার উপদেষ্টা খান ইসহাক আলী, আল আমীন সেখ, রিকশা-ভ্যান ইউনিয়নের জেলা সভাপতি আল আমিন ফকির, নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, কৃষি খামার ইউনিয়নের জেলা সভাপতি গোলাম মোস্তফা মূসা এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হাসান মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের অন্যান্য খাতের মতো পরিবহন সেক্টরেও চাঁদাবাজি ও লুটপাট বন্ধ হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বর্তমানে পরিবহনসহ বিভিন্ন খাতে আগের চেয়ে দ্বিগুণ হারে চাঁদাবাজি চলছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, এসব চাঁদাবাজি দ্রুত বন্ধ করা না হলে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা না হলে সাধারণ শ্রমিকরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা অবিলম্বে সার্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান। একই সঙ্গে খাতভিত্তিক ন্যূনতম মজুরির মানদণ্ড নির্ধারণ এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে মজুরি বৈষম্য কমানোর দাবিও তোলা হয়। এ ছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বিশাল ব্যবধান কমিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাশাপাশি জেলার অন্যান্য শ্রমিক সংগঠনও নিজস্ব ব্যানারে র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

এসএইচ