রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • রাজবাড়ী প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩০ শতক খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগের জমিতে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের মালিকানাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি উদ্ধার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তাকে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়াও একাধিকবার মৌখিকভাবে স্থাপনা অপসারণের জন্য বলা হলেও তিনি তা সরিয়ে নেননি।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং খাস জমি উদ্ধার করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় উপস্থিত ছিলেন বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার এবং বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হক। অভিযানে পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা সার্বিক সহযোগিতা প্রদান করে।

উদ্ধারকৃত জমির মধ্যে ২৭ নম্বর দাগে ২০ শতক এবং ২৮ নম্বর দাগে ১০ শতক জমি রয়েছে, মোট ৩০ শতক। বাজারমূল্য অনুযায়ী উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

এসএইচ