নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় হামলায় ৮ যুবদল নেতা আহত হন।
আটককৃতরা হলেন লাভরাপাড়া গ্রামের সরজু মিয়ার ছেলে আবু হানিফ (৩২) এবং ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (২০)। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ অভিযান চালান বলে জানানো হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা ও ১০ গ্রাম হেরোইন। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় মাদক কারবারি ও তাদের সমর্থকেরা যুবদলের নেতাদের ওপর হামলা চালায়। এতে উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন ও ইমন হাসানসহ আটজন আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ছয়জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচন পরবর্তী সময় থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ