ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া এলাকায় চলমান উন্নয়নকাজে নির্ধারিত টেন্ডার সিডিউল অনুযায়ী মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন এবং ইটভাটার জন্য মাটি কাটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয়দের উদ্দেশে দেয়া এক বার্তায় রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও কাঁঠালিয়া এলাকায় খাল খনন, নতুন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন সড়কের মেরামতসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজ যেন টেন্ডার সিডিউল অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ মেনে নেয়া হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ যদি চাঁদাবাজি, মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।
এমপি রফিকুল ইসলাম জামাল আরও বলেন, এলাকায় কোনো অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি।
পিএস